
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক,
মুন্সীগঞ্জ পৌরসভার আরোপিত কর বৃদ্ধি স্থগিত এবং সেবার মানোন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিকবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভার পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে নাগরিকদের ওপর কর বৃদ্ধি করা হলেও সেবার মানে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। বরং গত কয়েক বছরের তুলনায় অনেক ক্ষেত্রে সেবার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন নাগরিকরা।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা যখন কঠিন হয়ে উঠেছে, তখন এ ধরনের কর বৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
নাগরিকদের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে না, ফলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যসেবা কার্যক্রমেও ঘাটতি রয়েছে। শহরের সড়কগুলো ভাঙ্গাচুরা অবস্থায় থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
একই সঙ্গে পৌর এলাকায় অটোরিকশা চলাচলে কোনো নির্দিষ্ট ভাড়া তালিকা কার্যকর না থাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠে এসেছে।
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাও শহরবাসীর ভোগান্তি বাড়াচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি কর বৃদ্ধির বিষয়ে আপত্তি জানাতে গেলে নাগরিকদের কাছ থেকে আবেদন ফরম বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়।
এসব সমস্যার প্রেক্ষিতে নাগরিকরা কর বৃদ্ধি কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, পূর্বের হার বহাল রাখা, সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ এবং অতিরিক্ত ফি আদায় বন্ধসহ কয়েকটি দাবি উত্থাপন করেন।
পাশাপাশি ভবিষ্যতে নাগরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপিটি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।