logo

শিরোনাম

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন জেলা প্রশাসক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি :  আসন্ন হারভেস্টিং মৌসুমকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার আড়িয়াল বিল এলাকায় কৃষি কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।


মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি আড়িয়াল বিল এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং চলমান কৃষি কার্যক্রমের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

photo

বিশেষ করে হারভেস্টার মেশিন পরিচালনায় জ্বালানির প্রাপ্যতা ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে বিস্তারিত জানতে চান জেলা প্রশাসক।


এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উল্যাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এবং আড়িয়াল বিল এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করেন। এ সময় কৃষকরা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের প্রত্যয়নের মাধ্যমে তারা সহজেই প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন। বর্তমানে তাদের জ্বালানির চাহিদা পূরণ হচ্ছে এবং জ্বালানি প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন না।


এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে কৃষকরা জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা জানান, প্রশাসনের তৎপরতায় কৃষি কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন এবং কৃষি কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

  • নিউজ ভিউ 306