
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক গুলজার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে মুন্সীগঞ্জ জেলায় মোট ১৯টি পেট্রোল পাম্প, ১১টি এজেন্সি এবং ৬টি ডিলারের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় জ্বালানি তেলের মজুদ ছিল— ডিজেল ১ লাখ ১৭ হাজার ১২০ লিটার, পেট্রোল ৫ হাজার ২০৮ লিটার এবং অকটেন ১২ হাজার ২২১ লিটার।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিপো থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।
বিশেষ করে চলমান কৃষি মৌসুমে সেচ কার্যক্রম এবং আড়িয়ল বিল অঞ্চলে ধান কর্তনের জন্য প্রয়োজনীয় জ্বালানি গত ১৯ এপ্রিল থেকে চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশন, ডিলার ও এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।
কৃষকদের চাহিদা বৃদ্ধি পেলে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ডিপো থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।