
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোর-কিশোরীদের খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচি।
খেলাধুলায় পারদর্শী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা নির্বাচন করে তাদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
কারা অংশ নিতে পারবে
এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা। অর্থাৎ, ০২ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারীরা আবেদন করতে পারবে।
যে সব খেলায় অংশ নেওয়া যাবে
‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এ অন্তর্ভুক্ত করা হয়েছে জনপ্রিয় ও সম্ভাবনাময় বিভিন্ন খেলাধুলা—
ফুটবল, ক্রিকেট,কাবাডি,দাবা,সাঁতার
ব্যাডমিন্টন,অ্যাথলেটিক্স,মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো)
নির্বাচিতদের জন্য বিশেষ সুযোগ
এই কর্মসূচিতে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়রা পাবেন দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ, আধুনিক ক্রীড়া সুবিধা এবং পেশাদার খেলোয়াড় হওয়ার পথচলার বিশেষ সুযোগ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়া অঙ্গনে নতুন প্রজন্মের প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবেদন ও বাছাই প্রক্রিয়া
অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে, যা চলবে ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে—
https://notunkurisports.gov.bd
অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ২৫ থেকে ২৭ এপ্রিল উপজেলার পর্যায়ে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ০২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
প্রতিভা খুঁজে বের করার জাতীয় উদ্যোগ
আয়োজকরা জানান,
দেশের প্রতিটি অঞ্চলের প্রতিভাবান কিশোর-কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই কর্মসূচির তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে এবং আগামীর বাংলাদেশ বিশ্বমঞ্চে ক্রীড়াক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’—এই স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ হয়ে উঠতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রীড়া তারকা তৈরির অন্যতম প্ল্যাটফর্ম।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ বসির উল্লাহ বলেন মুন্সীগঞ্জ জেলার সকল স্কুলের ছাত্র-ছাত্রী ও ক্রিয়া সংগঠনের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার শিশু-কিশোররা যেন এই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে মুন্সিগঞ্জকে গর্বিত করতে পারে এই আশায় রাখি এবং সকলকে আহ্বান জানাই যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।