
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক সমীর বসুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ দ্রুত অভিভাবকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
কেন অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে তাঁর কাছে।
গত ২৩ নভেম্বর এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মৌখিকভাবে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্ক করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রধান শিক্ষক সমীর বসুকে বোর্ড নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কারণ ব্যাখ্যা করতে বলেছেন। একই সঙ্গে আদায় করা বাড়তি টাকা দ্রুত শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, বোর্ড নির্ধারিত ফির বাইরে কোনো অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ মনিটরিং করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
এর আগে রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ২ হাজার ৪৩৫ টাকার বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ ওঠে। আদায় করা ১০ হাজার টাকার মধ্যে ৫ হাজার টাকা জামানত হিসেবে নেওয়া হচ্ছিল। তবে ওই জামানতের বিপরীতে কোনো রসিদ দেওয়া হচ্ছিল না। এমনকি টাকা ফেরতের বিষয়ে অভিভাবকদের লিখিত কোনো নিশ্চয়তাও দেওয়া হয়নি। এতে আর্থিক চাপের মুখে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর বসু অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, ফরম পূরণের জন্য ২ হাজার ৫০০ টাকা, কোচিংয়ের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং বাকি ৫ হাজার টাকা জামানত হিসেবে নেওয়া হচ্ছে। পরীক্ষায় পাস করলে জামানতের টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি দাবি করেন। জামানত আদায়ের বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি।
তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুর রহমান ফরহাদ জামানত আদায়ের বিষয়ে অবগত নন বলে জানিয়েছিলেন। এতে অতিরিক্ত অর্থ আদায়ের সিদ্ধান্ত কারা নিয়েছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, শুধু অতিরিক্ত অর্থ ফেরতের নির্দেশ বা শোকজের মধ্যেই যেন বিষয়টি সীমাবদ্ধ না থাকে। আদায় করা পুরো অতিরিক্ত অর্থ ফেরত নিশ্চিত করার পাশাপাশি জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।