
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজিস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ৩৭ জন কিশোরকে আটক করা হয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুরের মোল্লারচর এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় তাদের আটক করা হয়।
পরে পুলিশি যাচাই-বাছাই শেষে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে ট্রলারযোগে কয়েকজন ব্যক্তি মোল্লারচর এলাকায় জড়ো হন। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় কয়েকজনকে আটক করা হয়। একই দিন দক্ষিণ ইসলামপুর লঞ্চঘাট এলাকা থেকেও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক কিশোরদের অভিভাবকদের দাবি, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন তাদের জানিয়েছিলেন, থানায় যাচাই-বাছাই করে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য না পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে। তবে রাত ২টা পর্যন্ত অপেক্ষার পরও তাদের মুক্তি দেওয়া হয়নি। পরবর্তীতে সকালে আদালতে পাঠানোর কথা জানানো হয়।
পুলিশের পক্ষ থেকে তাদের সন্দেহভাজন হিসেবে আটকের কথা জানানো হয়েছে বলে অভিভাবকরা উল্লেখ করেন।
আটক কিশোরদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারক না থাকায় সেদিন জামিনের বিষয়টি নিষ্পত্তি হয়নি বলে জানা যায়।
পরদিন রবিবার (১৫ নভেম্বর) আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আটক কিশোরদের মধ্যে পঞ্চসার ইউনিয়নের বিদ্যানিকেতন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ শেখও রয়েছে। সে বিএনপির কেন্দ্রীয় তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ছাড়া আটক অন্য কিশোররাও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত।
এদিকে আটক কিশোরদের অভিভাবকদের অভিযোগ, প্রকৃতপক্ষে যারা নিষিদ্ধ সংগঠনের স্লোগান দিচ্ছিল, তাদের অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও সেখানে বেড়াতে যাওয়া কয়েকজন কিশোর পরিস্থিতির শিকার হয়ে আটক হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, আটক কিশোরদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ, শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনের বিষয়টি বিবেচনায় রেখে আইনগত প্রক্রিয়ায় তাদের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।