
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
বিনোদন ডেক্স :
রিকশাচালকের জীবনসংগ্রাম, পারিবারিক ভালোবাসা ও বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির পাঁচটি প্রদর্শনী ২৭ ও ২৮ নভেম্বর
মুন্সীগঞ্জের বিভিন্ন মনোরম ও পরিচিত স্থানে দৃশ্যধারণ করা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বায়না’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ নভেম্বর। সাধারণ এক রিকশাচালকের জীবনসংগ্রাম, পারিবারিক ভালোবাসা, হাসি-কান্না এবং জীবনের নানা বাস্তব চিত্র নিয়ে নির্মিত সিনেমাটি প্রদর্শিত হবে মুন্সীগঞ্জ শহরের আনন্দ কমিউনিটি সেন্টারে।
সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা পরাগ হোসেন উজ্জল।
সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে একজন সাধারণ রিকশাচালকের জীবনের নানা চড়াই-উতরাই। জীবিকার সংগ্রাম, পারিবারিক দায়িত্ব, সুখ-দুঃখ, ভালোবাসা ও প্রতিকূলতার মধ্য দিয়ে কীভাবে একজন সাধারণ মানুষ প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়াই করে যান, সেই চিত্রই ফুটে উঠেছে ‘বায়না’ সিনেমায়।
বাস্তব জীবনের আবেগ ও পারিবারিক সম্পর্কের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরাই সিনেমাটির অন্যতম আকর্ষণ।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শফিউর রহমান সাগর, জাহিদ রোহান, মুনা আক্তার ফাইজা, হাসান প্রধান, সুরভী লাবন্য, আজিজা মিতা, আদিয়ান, সিফাত, জুবায়ের, রাকিব হোসাইন জয়, মো. নুরুজ্জামান ও স্বর্ণা শিলসহ আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৩ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর দীর্ঘ সময় ধরে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়। প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে দর্শকদের বিনোদনের জন্য রাখা হয়েছে চারটি গান।
সিনেমাটি উপলক্ষে আগামী ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী মোট পাঁচটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার প্রথম প্রদর্শনী শুরু হবে বিকেল সাড়ে ৩টায় এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৬টায়। পরদিন ২৮ নভেম্বর শনিবার প্রথম প্রদর্শনী সকাল ১১টায়, দ্বিতীয় প্রদর্শনী বিকেল ৩টায় এবং শেষ প্রদর্শনী সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
স্থানীয়ভাবে নির্মিত এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে মুন্সীগঞ্জের বিভিন্ন পরিচিত স্থান ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ জেলার দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।