
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও সম্পাদনার মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মোহাম্মদ রুইয়াম মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (২১ নভেম্বর) মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই দিন সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে ফেসবুক স্ক্রল করার সময় ‘Munshiganj Districts Jcd’ নামের একটি ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য কামরুজ্জামান রতনের ছবি ও ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর বিষয়টি তাঁর নজরে আসে।
অভিযোগে আরও বলা হয়, ওই আইডি থেকে সংসদ সদস্যকে নিয়ে কয়েকটি অপপ্রচারমূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে তাঁর রাজনৈতিক ও সামাজিক সম্মানহানি হচ্ছে বলে দাবি করেন অভিযোগকারী।
এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডি ব্যবহারকারী ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন আবু মোহাম্মদ রুইয়াম।
অভিযোগকারী আবু মোহাম্মদ রুইয়াম (২৯) মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকার বাসিন্দা। তিনি মোঃ জাহাঙ্গীর আলম দিদারের ছেলে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।