
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ মানবিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এছানুল হক মিলন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
সভায় অতিথিরা বলেন, একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো শিক্ষা।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
তারা আরও বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে না; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সৃজনশীলতা এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠবে। এ ক্ষেত্রে দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়নের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
অতিথিরা বলেন, শিক্ষার উন্নয়ন শুধু সরকারের একক দায়িত্ব নয়।
শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি উন্নত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। সবার গঠনমূলক পরামর্শ, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করে আধুনিক, বিজ্ঞানমনস্ক, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।