logo

শিরোনাম

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার র‌্যাব-১১ এর অভিযানে ধরা পড়লো পারভেজ ওরফে কালু

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার র‌্যাব-১১ এর অভিযানে ধরা পড়লো পারভেজ ওরফে কালু

মোঃ জাহাঙ্গীর আলম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।


 মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ জানায় গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনের চারতলায় আসাদ মিয়ার মিনি গার্মেন্টসে সেলাইয়ের কাজ করতেন।
ঘটনার দিন সকালে কারখানা কর্তৃপক্ষ থেকে ভিকটিমের বোনকে ফোন করে জানানো হয় যে, বিপ্লব শেখ স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যান। তবে দাফনের পূর্বে গোসল করানোর সময় বিপ্লব শেখের শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় থানাকে অবগত করা হলে ঘটনাটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।


মামলার এজাহারে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বিপ্লব শেখকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘটনাটি বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত পারভেজ ওরফে কালু মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ হাওলাপাড়া এলাকার মৃত সুজন শেখের ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।

  • নিউজ ভিউ 1188