
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাহাঙ্গীর আলম : মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, গুলি ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
বুধবার (০৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জের একটি অভিযানে সদর উপজেলার ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বণিক্যপাড়া থেকে ডিঙ্গাভাঙ্গা পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মুন্সীগঞ্জ সদর থানার মাকহাটি গ্রামের মোঃ আব্দুল হাই মাঝির ছেলে আবির মাঝি ওরফে মৃদুল (২৩) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
এছাড়াও তার প্যান্টের সামনের ডান পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে জেলা প্রশাসন মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক নেতৃত্ব দেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জাহান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সীগঞ্জের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় নিরস্ত্র বাহিনী হওয়া সত্ত্বেও স্বল্প জনবল ও পরিবহন সংকটের মধ্যেও তারা মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য এবং এ লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”