logo

শিরোনাম

ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে যানবাহন চালকদের সতর্কতা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

photo

 

বিশেষ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ মুন্সিগঞ্জ জেলার ওপর দিয়ে অতিক্রম করায় এসব মহাসড়কে চলাচলকারী যানবাহন চালকদের ঘন কুয়াশার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশাচ্ছন্ন পরিবেশে গাড়ি চালানোর সময় নিরাপদ ও নিয়ন্ত্রিত গতিতে চলাচল, পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

 

তিনি আরও বলেন, ঘন কুয়াশায় সামনের রাস্তা, পথচারী ও অন্যান্য যানবাহন যথাযথভাবে দৃশ্যমান না হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই চালকদের তাড়াহুড়া না করে ধীরগতিতে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। একই সঙ্গে চালক ও যাত্রী উভয়কেই সচেতন থাকতে হবে, কারণ একটু অসতর্কতা কেড়ে নিতে পারে মূল্যবান প্রাণ।

 

এছাড়া, যেকোনো অগ্নি দুর্ঘটনায় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২-এ কল করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

 

সচেতনতা, সতর্কতা ও ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মূল্যবান জীবন রক্ষা সম্ভব।

  • নিউজ ভিউ 522