
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ পরিদর্শন করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সরকারি হরগঙ্গা কলেজ পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে উপাচার্যের সঙ্গে শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামীম আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “শিক্ষার্থীরা প্রত্যেকেই একেকটি রত্ন। তাদের সুপ্ত প্রতিভার বিকাশে উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে।
এ ক্ষেত্রে অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। ”
তিনি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসক সরকারি হরগঙ্গা কলেজে আধুনিক ও মানসম্মত বিজ্ঞান শিক্ষা আরও সম্প্রসারণ ও উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতা কামনা করেন।
পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে শিক্ষা কার্যক্রমে গুণগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় কলেজের শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।