
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার মিরকাদিম পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে কমিটি বিলুপ্তির এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি দুলাল দাস ও সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মিরকাদিম পৌর শাখার সভাপতি শ্রী রামচন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক শ্রী উমা শংকর সরকারের নেতৃত্বাধীন কমিটি সংগঠনের গঠনতন্ত্রের ১১(খ) ধারা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হয়ে অকার্যকর হয়ে পড়ে। কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে গঠনতন্ত্রের ওই ধারার আলোকে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস ও সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি জানান, গঠনতন্ত্র অনুযায়ী মিরকাদিম পৌর শাখার কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী এ শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে মিরকাদিম পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয় ছিল এবং কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে গত ২৩ জুন বর্ধিত সভা করার জন্য শাখা কমিটিকে চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এছাড়া রথ ও জন্মাষ্টমীসহ বিভিন্ন আয়োজনে শাখা কমিটির দৃশ্যমান কার্যক্রমও দেখা যায়নি।
তিনি আরও বলেন, সার্বিক বিষয় বিবেচনা করে কেন্দ্রীয় কমিটির পরামর্শ অনুযায়ী মিরকাদিম পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।