logo

শিরোনাম

গজারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
গজারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

তৈয়বুর রহমান (২৪/০৮/২০২৬):

মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার, দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের অংশ হিসেবে আনারপুরা এলাকার নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে মনিটরিংকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ এবং খাবার ঢেকে না রাখারও প্রমাণ পাওয়া যায়।

 

এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।

 

পরে ভবেরচর বাসস্ট্যান্ডের ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া ডাস্টবিন উন্মুক্তভাবে রাখা, কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার মতো অনিয়মও পাওয়া যায়।

 

এসব অনিয়মের দায়ে রেস্টুরেন্টটির ম্যানেজার তপন চৌধুরীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

 

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি টিম।

 

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • নিউজ ভিউ 351