logo

শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

নিজস্ব প্রতিবেদক:
মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আদায়ের লক্ষ্যে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ।

 মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে এ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

photo

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

photo

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থায় মহাসড়কে কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরার মাধ্যমে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড হবে। শনাক্ত হওয়া আইন লঙ্ঘনের তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডেটাবেজে পাঠানো হবে।

এরপর স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার বিস্তারিত তথ্য পাঠানো হবে। মালিকরা ঘরে বসেই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো বা ওভারস্পিড, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য করা, উল্টোপথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা সম্ভব হবে।

ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে মহাসড়কের যান চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, কোনো যানবাহন বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা মনে করছেন, এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর ও স্বচ্ছ হবে। পাশাপাশি দুর্ঘটনা কমানো, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগ সফল করতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

  • নিউজ ভিউ 189