
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মুন্সীগঞ্জ থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি জাতির ভবিষ্যৎকেও বিপন্ন করে।
তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় যেমন নিয়মিত অভিযান চলবে, তেমনি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থাও আরও শক্তিশালী করতে হবে। ”
তিনি আরও বলেন, “পুলিশ, জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব দপ্তর একসঙ্গে কাজ করলে মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশুবিষয়ক অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মুন্সীগঞ্জকে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম, সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন।
এ ছাড়া মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।