
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫) মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জেলা শহরের মধ্য কোটগাঁও এলাকার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন খোরশেদ আলম দিদার।
মরহুম খোরশেদ আলম দিদার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরকেওয়ার গ্রামের প্রয়াত কফিল উদ্দিন দিদারের ছেলে।
বুধবার বাদ আসর জেলা শহরের শহর জামে মসজিদে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে চরকেওয়ার ইউনিয়নের ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দ্বিতীয় দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার ও সদর থানা পুলিশের একটি দল।
পরে নিজ গ্রাম চরকেওয়ারের স্থানীয় পঞ্চায়েত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর দুই প্রবাসী ছেলে মিজান ও বাবু সবার কাছে দোয়া চেয়েছেন।