logo

শিরোনাম

মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন

তৈবুর রহমান :
মুন্সীগঞ্জে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুন্সীগঞ্জ শিশু একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

photo


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা।
photo


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বাংলাদেশকে ভালোবেসে দেশের কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিশুদের যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে।

photo


তিনি বলেন, বাংলাদেশ শিশু একাডেমি গত পাঁচ দশক ধরে শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীলতা চর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।

photo

এর ফলে মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।


জেলা প্রশাসক আরও বলেন, মুন্সীগঞ্জকে শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোনো শিশু যেন বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন, শোষণ বা বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি শিশুর শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সমান সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিশুদের অধিকার সুরক্ষা, তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং নিরাপদ, বৈষম্যহীন ও শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • নিউজ ভিউ 666