logo

শিরোনাম

মুন্সীগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, ৬৪৬ কৃষক পাবেন ২,৫০০ টাকা করে সহায়তা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি।

মুন্সীগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, ৬৪৬ কৃষক পাবেন ২,৫০০ টাকা করে সহায়তা


রাহিদ হোসেন:


মুন্সীগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং ব্লকের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষকদের নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক এ কে এম ইরাদাত মানু, মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সান্তনা রানী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মুস্তফা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তাছলিম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু এবং অ্যাডভোকেট আল-আরাফসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।


অনুষ্ঠানের রামসিং ব্লকের ৬৬৩ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি সদর উপজেলায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির মোট ৬৪৬ জন কৃষককে পর্যায়ক্রমে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার কথা রয়েছে। এ অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয় দেওয়ার পাশাপাশি কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষি উপকরণ, সেচ, কৃষিঋণ, কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, ফসলের বালাই ব্যবস্থাপনা, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য, কৃষিবিমা এবং কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রির সুবিধাসহ পর্যায়ক্রমে ১০ ধরনের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মসূচিটি বাস্তবায়নে প্রকৃত কৃষক শনাক্তকরণ, তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ, প্রযুক্তি সম্প্রসারণ, কার্ড বিতরণ এবং কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে এবং কৃষি খাতে ডিজিটাল সেবার পরিধি বাড়বে।

  • নিউজ ভিউ 324