logo

শিরোনাম

দুই সন্তানের জননী ১০ দিন ধরে নিখোঁজ তদন্তে পুলিশ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
দুই সন্তানের জননী ১০ দিন ধরে নিখোঁজ তদন্তে পুলিশ

নিজিস্ব প্রতিনিধি :

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে আকলিমা বেগম (৩৫) নামে দুই সন্তানের মা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের ইসলাম মোল্লার স্ত্রী। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্বামী।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসলাম মোল্লা ও আকলিমা বেগমের প্রায় ২১ বছরের দাম্পত্য জীবন। তাঁদের দুই সন্তান রয়েছে। গত ২২ সেপ্টেম্বর ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় আকলিমা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঘুম থেকে উঠে তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের সদস্যরা স্থানীয় বিভিন্ন স্থান ও আকলিমার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইসলাম মোল্লার অভিযোগ, বাড়িতে থাকা প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা এবং আকলিমার ব্যবহৃত কাপড়চোপড়ও পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কয়েকজনের কাছ থেকে ইসলাম মোল্লা জানতে পারেন, আকলিমাকে কাপড়চোপড়ের ব্যাগ নিয়ে রিকশায় যেতে দেখা গেছে। তবে তিনি কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আকলিমার নিখোঁজের পেছনে কোনো ঘটনা রয়েছে কি না এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে কি না—এমন আশঙ্কা জানিয়ে তাঁর স্বামী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই নারী সম্ভবত আত্মগোপনে রয়েছেন।”

পুলিশ জানিয়েছে, নিখোঁজ নারীর সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

  • নিউজ ভিউ 1656