logo

শিরোনাম

জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। উৎসবকে কেন্দ্র করে শোভাযাত্রার নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

photo


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হয়।


মুন্সীগঞ্জ সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

photo

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দির থেকে বের হয়ে শোভাযাত্রাটি থানা পুলপাড়, সুপার মার্কেট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কালী মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ মন্দির, বাগমামুদালীপাড়া রাধা গোবিন্দ মন্দির, মালপাড়ার জগন্নাথ জিউর মন্দির এবং সদর হাসপাতাল এলাকার বলদেব-শুভদ্রা মহারানী মন্দিরের পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন।

জন্মাষ্টমী উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের কঠোর তদারকিতে শোভাযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

শোভাযাত্রার রুটে যানজট এড়াতে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।


এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ জানিয়েছে, জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

  • নিউজ ভিউ 378