
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসি পরীক্ষায় অর্জিত সাফল্য শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়; এটি তাদের পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানেরও গর্ব। ভালো ফলাফলের পাশাপাশি সততা, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মাদক, সন্ত্রাস, অপরাধ ও যেকোনো অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮০ শতাংশ। এছাড়া প্রতিষ্ঠানটির ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।