logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  

এ উপলক্ষে বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, মুন্সীগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

photo


সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় মাঠে এসে শেষ হয়।
photo

 


পরে সেখানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত এবং ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিজ শারমিন আক্তার।


উদ্বোধনের পর জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।


মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন নার্সারির মোট ১৬টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।


অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

  • নিউজ ভিউ 576