logo

শিরোনাম

সিরাজদিখানে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
সিরাজদিখানে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সিরাজদিখান উপজেলার চোকদারপাড়া ঈদগাহ মাঠে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় জনসাধারণকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।

photo


সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।

photo


বক্তারা মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করা হয়।


বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। সভা শেষে সিরাজদিখানকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল), সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • নিউজ ভিউ 306