logo

শিরোনাম

ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদান, জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নিরাপদ ভবিষ্যতের পথে শিশুটি

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদান, জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নিরাপদ ভবিষ্যতের পথে শিশুটি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন স্থান থেকে উদ্ধার হওয়া এক অসহায় কন্যা নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।  


শিশুটির সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ বিবেচনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তার বৈধ অভিভাবকত্ব এক দম্পতির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

photo


জানা যায়, গত ২৯ জুন ২০২৬ তারিখে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে নবজাতক কন্যাশিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।  


প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


চিকিৎসার পাশাপাশি শিশুটির নিরাপত্তা, সুরক্ষা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে।


এ বিষয়ে গত ৬ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জের সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় গজারিয়ায় উদ্ধার হওয়া নবজাতকের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় বৈধ অভিভাবকত্ব প্রদানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  


পরবর্তীতে ৯ জুলাই জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।
বোর্ডের সদস্যদের সুপারিশ, শিশুর নিরাপত্তা, সুরক্ষা, সর্বোত্তম স্বার্থ ও সার্বিক কল্যাণ বিবেচনা করে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণপূর্বক গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির নিকট নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।


জেলা প্রশাসনের এ উদ্যোগকে একটি অসহায় শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি শিশুর অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের মানবিক ও দায়িত্বশীল অঙ্গীকারের প্রতিফলন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

  • নিউজ ভিউ 90