
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর বাংলাবাজারে "মাদককে না বলি, সুস্থ-সবল সমাজ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে বানিয়াল কাজিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও বাংলাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে।
একই সঙ্গে জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), বাংলাবাজার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।