logo

শিরোনাম

মুন্সীগঞ্জে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব, এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হলো প্রস্তাবনা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব, এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হলো প্রস্তাবনা

স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জ সদর উপজেলার ফরাজীবাড়ী ঘাট হতে জগিনীঘাট ভায়া চরকিশোরগঞ্জ পূর্বপাড়া সড়কে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ব্রিজ নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে পাঠিয়েছে মুন্সীগঞ্জ এলজিইডি কার্যালয়।


রোববার (২১ জুন ২০২৬) মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ প্রস্তাব পাঠানো হয়।


পত্রে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান গত ২০ জুন মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা পরিদর্শন করেন। এ সময় সদর উপজেলার ফরাজীবাড়ী ঘাট হতে জগিনীঘাট ভায়া চরকিশোরগঞ্জ পূর্বপাড়া সড়কের কালিদাস নদীর ওপর প্রস্তাবিত ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে স্থানীয় জনগণের কাছে জনস্বার্থে ব্রিজটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং এলজিইডির প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।


প্রস্তাবিত ব্রিজটির দৈর্ঘ্য ৩০০ মিটার। ব্রিজটি নির্মাণ হলে মুন্সীগঞ্জ পৌরসভার আওতাধীন এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পাশাপাশি চরাঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।


এলজিইডির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিজটি বাস্তবায়নের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

  • নিউজ ভিউ 432