
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালীপাড়ায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়া এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সস্তাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব খান (২৫), বাগেরহাটের মোল্লারহাট থানার শাসন এলাকার হোসাইন চৌধুরীর ছেলে মহিউদ্দিন চৌধুরী ওরফে হিজবুল্লাহ (২৬) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে কামরুল হাসান (২৬)। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন।
অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ। এ সময় ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এসব অভিযান আরও জোরদার করা হবে।