logo

শিরোনাম

মুন্সীগঞ্জে বিএনপি নেতা স্বপনকে বহিষ্কারের কথিত প্রেস বিজ্ঞপ্তি ভুয়া

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে বিএনপি নেতা স্বপনকে বহিষ্কারের কথিত প্রেস বিজ্ঞপ্তি ভুয়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া বলে দাবি করেছে বিএনপি।


গত ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরযুক্ত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি ছড়িয়ে পড়ে।

photo

এতে অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনসহ কয়েকজন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।


তবে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন জানিয়েছেন, এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তিনি বলেন, মাহবুব উল আলম স্বপনকে বহিষ্কারের বিষয়ে দলীয়ভাবে এমন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

 একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের প্রচারে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।


এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই কথিত প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ শহর বিএনপির একাধিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে তাদের অধিকাংশকেই জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা যায়।


প্রসঙ্গত, ২০২২ সাল থেকে মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে তার দলীয় অবস্থান নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

 এরই মধ্যে তাকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি করে ওই কথিত প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের দাবি, বহিষ্কারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নথিটি ভুয়া। তিনি বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে কোনো দাপ্তরিক কাগজ বা দলীয় সিদ্ধান্তের নোটিশ পাননি।

  • নিউজ ভিউ 171