
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেসরকারি চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পরিবেশ পর্যবেক্ষণে ৪টি প্রাইভেট ক্লিনিকে আকস্মিক তদারকি অভিযান চালিয়েছেন জেলা সিভিল সার্জন। আজ শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার এসব ক্লিনিকে পরিদর্শন চালান তিনি।
পরিদর্শনকালে ক্লিনিকগুলোর লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র, প্যাথলজি ল্যাব, অপারেশন থিয়েটার এবং রোগীদের চিকিৎসাসেবার সার্বিক পরিবেশ খতিয়ে দেখা হয়। এ সময় হাসপাতালগুলোতে বিভিন্ন অনিয়ম ও সেবামূলক ঘাটতি চিহ্নিত করেন সিভিল সার্জন।
পরিদর্শন শেষে অনিয়মগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের নির্দেশ দিয়ে ক্লিনিক কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে চিহ্নিত সমস্যা সমাধান না করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
জনস্বার্থে ও সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের এই তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
।