
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অবৈধভাবে পার্ক করে রাখা বেসরকারি অ্যাম্বুলেন্স অপসারণে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় ওসি তদন্ত সজিবদের নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বেশ কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়মবহির্ভূতভাবে পার্ক করে রাখার অভিযোগ ছিল। এসব অ্যাম্বুলেন্সের একটি সিন্ডিকেট রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ উঠেছে। এতে সরকারি হাসপাতালের সেবা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে অভিযোগ ওঠার পর মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের নির্দেশনায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে অবৈধভাবে পার্ক করা বেসরকারি অ্যাম্বুলেন্স অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
শনিবার সকাল ১১টায় পরিচালিত অভিযানে হাসপাতাল প্রাঙ্গণে অবৈধভাবে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সগুলো সরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতাল প্রাঙ্গণ যানবাহনমুক্ত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এদিকে, হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার বিষয়টি তুলে ধরেছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্সের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে অনেক রোগীকেই বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হয়। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ তৈরি হচ্ছে।
রোগী ও স্বজনরা সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো, হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের অবৈধ পার্কিং বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
হাসপাতাল প্রাঙ্গণ থেকে অবৈধভাবে পার্ক করা অ্যাম্বুলেন্স অপসারণের এ উদ্যোগের ফলে রোগী ও স্বজনদের চলাচল এবং হাসপাতালের পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন