
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত Educational Excellence Support Scheme (EESS) এর উদ্যোগে জেলা পর্যায়ে এ আয়োজন করা হয়।
রোববার (১৪ জুন ২০২৬) মুন্সীগঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জের ৬ উপজেলা থেকে নির্বাচিত ৬টি গ্রুপ তাদের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে। মূল্যায়ন শেষে ৯ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষককে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।
সেরা প্রকল্প প্রদর্শনের মাধ্যমে প্রথম স্থান অর্জন করে মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩ জন মেধাবী শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের দল। দ্বিতীয় স্থান অর্জন করে টংগিবাড়ী উপজেলার ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন চিন্তা, গবেষণা ও উদ্ভাবনী দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।