
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিনোদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আগামী শনিবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব থেকে এ মাহফিল শুরু হবে।
পশ্চিম বিনোদপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদীন ক্বাদেরী। তিনি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার লেকচারার এবং ঢাকার খিলগাঁওয়ের তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদের খতিব।
আয়োজক সূত্রে জানা গেছে, রাত ৯টায় প্রধান বক্তার আলোচনা শুরু হবে। মাহফিলে ইসলামী আলোচনা, ওয়াজ ও দোয়া অনুষ্ঠিত হবে।
মাহফিলটি দক্ষিণ বিনোদপুর গাউসুল আজম জামে মসজিদের পাশে পশ্চিম বিনোদপুর বিলপাড় মাঠে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীকে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজনে: পশ্চিম বিনোদপুর যুব সমাজ।