logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে খাসকান্দি এলাকায় ইয়াসিন সরদারের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে অভিযানে এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।


অভিযানে ইয়াসিন সরদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা শর্টগানের কার্তুজ, একটি ধারালো রামদা এবং দুটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইয়াসিন সরদারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


গ্রেপ্তার ইয়াসিন সরদার খাসকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আলকেস সরদার এবং মাতার নাম রোকসানা বেগম। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে।


উদ্ধার করা অস্ত্র, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

  • নিউজ ভিউ 693