logo

শিরোনাম

স্বপনকে ঘিরে বিএনপির কেন্দ্রীয় বার্তা, মুন্সীগঞ্জে নতুন করে আলোচনা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
স্বপনকে ঘিরে বিএনপির কেন্দ্রীয় বার্তা, মুন্সীগঞ্জে নতুন করে আলোচনা।

 

মুন্সীগঞ্জ শহর বিএনপির সাবেক সদস্য সচিব মাহবুব উল আলম স্বপনকে নিয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করেছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে স্বপনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

photo

 

সোমবার সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ ‘BNP Media Cell’-এ ছবিসহ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছবিতে থাকা ব্যক্তি মুন্সীগঞ্জ শহর বিএনপির সাবেক সদস্য সচিব মাহবুব আলম স্বপন।

photo

তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন।

 

কেন্দ্রীয় বিএনপি আরও জানায়, অসাবধানতার সুযোগ নিয়ে স্বপন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে একটি ছবি তুলেছেন। তবে ওই ছবির ভিত্তিতে স্বপনের সঙ্গে বিএনপির সাংগঠনিক কোনো সম্পর্ক রয়েছে—এমন ধারণা না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে সরাসরি বলা হয়, মাহবুব উল আলম স্বপনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কোনো ধরনের সম্পর্ক নেই।

 

কেন্দ্রীয় বিএনপির এই অবস্থান এমন সময়ে এলো, যখন দলীয় পরিচয় ও পদবি ব্যবহারের অভিযোগে করা একটি মামলায় জামিন নিয়ে স্বপন সোমবার আদালত থেকে বেরিয়ে নিজেকে এখনও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব হিসেবে দাবি করেন।

 

মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে দলীয় প্যাড ব্যবহার করা হয় এবং সেখানে মাহবুব উল আলম স্বপন নিজেকে ‘শহর বিএনপির সদস্য সচিব’ হিসেবে উল্লেখ করেন।

 

গত বৃহস্পতিবার শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বকুল বাদী হয়ে দণ্ডবিধির ৪১৯ ধারায় মামলাটি দায়ের করেন।

 

মামলায় আরও দাবি করা হয়, এর আগে স্বপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল—এমন একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সেটিকে ভুয়া ও বানোয়াট বলে জানানো হয়। ফলে তার দলীয় অবস্থান নিয়ে স্থানীয় পর্যায়ে তৈরি হয় আরও জটিলতা।

 

সোমবার জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে স্বপন সাংবাদিকদের বলেন, তিনি আগে যেমন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ছিলেন, এখনও সেই পদেই রয়েছেন। একই সঙ্গে তাকে বহিষ্কারের যে বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছিল, সেটিও ভুয়া বলে দাবি করেন তিনি।

 

তবে তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় বিএনপির নতুন প্রেস বিজ্ঞপ্তিতে স্বপনের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে স্পষ্ট ঘোষণা আসায় তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র।

 

এর সঙ্গে যুক্ত হয়েছে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ঘটনাও। মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ২৮ জানুয়ারি স্বপন দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সময়ে তিনি বিএনপির মনোনীত প্রার্থীর বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মহিউদ্দিনের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

২০২২ সাল থেকে মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করা স্বপনের এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর জেলা বিএনপির একটি অংশের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

 

সোমবার জামিনের পর আদালত প্রাঙ্গণে জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানাসহ কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিও সেই আলোচনাকে আরও জোরালো করেছে।

 

সব মিলিয়ে, একই দিনে স্বপনের দলীয় পরিচয় নিয়ে তার নিজের বক্তব্য এবং কেন্দ্রীয় বিএনপির আনুষ্ঠানিক অবস্থান—দুটি ভিন্ন বার্তা সামনে এসেছে। আর এই দ্বৈত অবস্থানকে ঘিরেই মুন্সীগঞ্জের বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও রাজনৈতিক হিসাব-নিকাশ।

  • নিউজ ভিউ 2502