
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়ায় দৈনিক আমার বার্তার সাংবাদিক শেখ আলামিনকে হাত-পা বেঁধে ও মুখে কসটেপ পেঁচিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে।
এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
রোববার বিকেলে হাসাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক শেখ আলামিন বর্তমানে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, হাসাড়া এলাকায় দখলবাজি, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য, হাসাড়া হাই স্কুলে জাল সনদে চাকরি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনি পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশ করেন।
এসব প্রতিবেদন প্রকাশের জেরেই স্থানীয় কয়েকজন নামধারী বিএনপি নেতা-কর্মী তার ওপর ক্ষুব্ধ হন।
আলামিনের দাবি, গতকাল রোববার বিকেলে তাকে আটক করে হাত-পা বেঁধে মুখে কসটেপ পেঁচিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। একপর্যায়ে তার গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, নির্যাতনের সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। তবে অভিযোগের পরও শ্রীনগর থানা পুলিশ রহস্যজনক কারণে তাকে উদ্ধারে ঘটনাস্থলে যায়নি বলে দাবি করেন তিনি।
পরে গুরুতর আহত অবস্থায় তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় সাংবাদিক শেখ আলামিনের ওপর হামলা, নির্যাতন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।