logo

শিরোনাম

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

নিজস্ব প্রতিনিধি :
ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ও যুদ্ধাহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।


বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

photo


ভারপ্রাপ্ত স্পিকার বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা শহীদ ও যুদ্ধাহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে তারা বিচ্যুত হতে চান না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বর্ষা বিপ্লবকে হৃদয়ে ধারণ করার কথাও বলেন তিনি।


জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেন, যেকোনো জাতীয় সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।


বিরোধী দলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা মতপার্থক্য ভুলে পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

  • নিউজ ভিউ 342