logo

শিরোনাম

নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ | জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট অংশীজন।  


এছাড়া জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।
সভায় জাতীয় পর্যায়ে উদযাপিত নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলাজুড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা, প্রস্তুতি, প্রতিযোগিতার বিভিন্ন ধাপ, অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রচার-প্রচারণা এবং সার্বিক সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


 বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় শিল্পীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।


সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা মুন্সীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হবে এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিকর্ম আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

  • নিউজ ভিউ 468