logo

শিরোনাম

মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

জিতু রায়, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।


শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে অজ্ঞাত এক অটোরিকশা চালক তাকে রক্তাক্ত অবস্থায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোয়াজ্জেম মোল্লা ওই গ্রামের মোহাম্মদ তমিজ উদ্দিনের ছেলে।


নিহতের ভাগ্নে আশরাফুল জামান জনি জানান, খবর পেয়ে হাসপাতালে এসে তারা মোয়াজ্জেমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। চিকিৎসক মৃত্যুর ঘোষণা দেওয়ার পর তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পান তারা। এছাড়া বাম পাজরে গুলির মতো চিহ্ন এবং কোমরের নিচের অংশ গুরুতরভাবে ক্ষতবিক্ষত ছিল বলে জানান তিনি।


জনির দাবি, যে অটোরিকশা চালক তাকে হাসপাতালে নিয়ে আসে, সে প্রথমে ঘটনাস্থল হিসেবে বেহেরকান্দি গ্রামের কথা বললেও পরে খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার দরজারপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।


 পারিবারিকভাবে তাদের সন্দেহ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের সঙ্গে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।


মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার সাহা জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবির জানান, ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নিউজ ভিউ 1746