
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাহাঙ্গীর আলম : ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সমন্বিত অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে মিরকাদিম পৌরসভার উদ্যোগে সবুজবাগ কালভার্ট সংলগ্ন খাল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য
মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ সম্ভব বলে তারা উল্লেখ করেন।
পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এর আগে মীরকাদিম পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক নূরমহল আশরাফীর সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছা ও নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম মিরকাদিম পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান; জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী; মিরকাদিম পৌরসভার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক; স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তাগণ মিরকাদিম পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ জনগণ যাতে দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সহকারী শিক্ষকের স্বল্পতা পূরণের বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সভায় মীরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় এবং ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও খালখননের গুরুত্ব সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধিকল্পে এলাকাবাসীর সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।