
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মোঃ জাহাঙ্গীর আলম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে।
মাঠপর্যায়ের ভোটের হিসাব ও তৃণমূলের মতামত বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন।
স্থানীয় পর্যায়ে পরিচালিত ভোটের জরিপ ও জনমত বিশ্লেষণে উঠে এসেছে, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক গ্রহণযোগ্যতার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মোঃ মহিউদ্দিন ব্যাপক সমর্থন পাচ্ছেন।
দলীয় মনোনয়ন না পেয়ে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পরও তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে তার পাশে দাঁড়িয়েছেন।
মুন্সিগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৪৬৭ জন। এই বিপুল ভোটারদের ভোটেই নির্ধারিত হবে জয়-পরাজয়।
তবে ইতোমধ্যেই সদর উপজেলা ও গজারিয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
গজারিয়া উপজেলার এক বিএনপি কর্মী মোঃ সোহেল বলেন,
“আমি বিএনপির একজন কর্মী। বিগত আন্দোলন-সংগ্রামে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সুসম্পর্ক ছিল না। সে কারণেই গজারিয়ার বেশিরভাগ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ভাইয়ের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি, গজারিয়া থেকে তিনি বিপুল ভোটে এগিয়ে থাকবেন।”
এদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলায় মুন্সিগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভা ও সদর উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির তৃণমূল কর্মীরা প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা নানু মিজি বলেন,
“আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এই আসনে পাঁচবারের নির্বাচিত সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আব্দুল হাই ছিলেন সবচেয়ে জনপ্রিয়। সেই ধারাবাহিকতায় তার পরিবারেরই যোগ্য প্রার্থী মোঃ মহিউদ্দিন। দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে জয়ী হতেন। এখন তৃণমূলের চাপে পড়েই তিনি ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।”
স্থানীয় সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন, প্রতীকের ভিন্নতা থাকলেও সমর্থনের জায়গায় কোনো বিভ্রান্তি নেই। তাদের ভাষায়, “ফুটবলই ধান”—অর্থাৎ ভোট যাবে পরিচিত ও জনপ্রিয় প্রার্থীর দিকেই।
সবমিলিয়ে ভোটের মাঠের বাস্তব চিত্র ও চলমান জরিপ বলছে, মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ মহিউদ্দিন বর্তমানে নির্বাচনী দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে শেষ পর্যন্ত ভোটের ফল নির্ভর করবে ভোটের দিন ব্যালট বাক্সে সাধারণ ভোটারদের সিদ্ধান্তের ওপর।