
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা রেঞ্জে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মিল ব্যারাক পুলিশ লাইন্স, ঢাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
সভায় আইজিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশের করণীয় ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ সততা, পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবে।
আইজিপি আরও বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করতে হবে।
এ লক্ষ্যে দায়িত্ব পালনকালে থানাধীন এলাকায় বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি জানান, বডিওর্ন ক্যামেরার ব্যবহার পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে এবং জনগণের আস্থা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সভাপতির বক্তব্যে তিনি নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনায় অংশ নিয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার সার্বিক নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।