logo

শিরোনাম

এক ইউনিয়ন থেকেই তিন এমপি প্রার্থী, সহোদর ভাইয়ের লড়াইয়ে আলোচনায় মুন্সিগঞ্জ-৩

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
এক ইউনিয়ন থেকেই তিন এমপি প্রার্থী, সহোদর ভাইয়ের লড়াইয়ে আলোচনায় মুন্সিগঞ্জ-৩

তৈবুর রহমান  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ আসন (সদর ও গজারিয়া)-এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দিন দিন জমে উঠছে।  


এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। তবে ব্যতিক্রমী এক চিত্র দেখা যাচ্ছে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে, যেখানে একই ইউনিয়ন থেকেই তিনজন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পঞ্চসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ মহিউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।


এছাড়া পঞ্চসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আরও দুই প্রার্থী। তারা হলেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাঁচি প্রতীকের প্রার্থী স ম কামাল এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের মনোনীত প্রার্থী শেখ মোঃ শিমুল।  


এই দুই প্রার্থী সম্পর্কে উল্লেখযোগ্য দিক হলো—তারা সহোদর ভাই।


স্থানীয় সূত্র জানায়, তিন প্রার্থীই ভোটারদের মধ্যে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন  গণসংযোগ ও উঠান বৈঠকে  মতবিনিময়ের মাধ্যমে তারা ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন।


প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে তারা মুন্সিগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং এলাকার মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
একই ইউনিয়ন থেকে তিনজন প্রার্থীর অংশগ্রহণ এবং তাদের মধ্যে দুজনের সহোদর সম্পর্ক মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি ভোটারদের মধ্যেও কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।

এছাড়াও রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের  রিক্সা প্রতীকের নূর হোসেন নূরানী, বাংলাদেশ জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের আরিফুল ইসলাম দিদার, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ সুমন দেওয়ান দেওয়ান, বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী আনিস মোল্লা।

  • নিউজ ভিউ 4527