
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জে যানজট নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে মার্কেট, শপিংমল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের সমাগম বৃদ্ধি পায়।
এ সময় যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে নগদ অর্থ লেনদেনে সতর্কতা অবলম্বন, সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
পুলিশ সুপার আশা প্রকাশ করে বলেন, পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সমাজের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় ঈদ উদযাপন সম্ভব।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংক, বীমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, চেম্বার অব কমার্স ও বণিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন মার্কেট, বড় বাজার ও শপিংমলের ব্যবসায়ী এবং স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।