logo

শিরোনাম

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম : “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত নারী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।  

পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।


 সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার এবং স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট বিউটি আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা তথ্য কর্মকর্তা রহিমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নারী উদ্যোক্তা, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, নারীর শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।


এছাড়া নারী উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর সুরক্ষায় প্রণীত বিভিন্ন আইন ও নীতিমালা বাস্তবায়নের বিষয়ও গুরুত্বসহকারে আলোচনায় উঠে আসে। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।


সভায় বক্তারা নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • নিউজ ভিউ 324