logo

শিরোনাম

মুন্সিগঞ্জে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিনিধি :   ব্র্যাক-এর আয়োজনে মুন্সিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।


গত বুধবার(০৪ মার্চ ২০২৬) মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় জলবায়ু পরিবর্তনের ফলে ডেঙ্গু, এডিস বাহিত রোগ এবং তাপমাত্রাজনিত বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি ও তা মোকাবিলায় মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা তানজুম আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে জনস্বাস্থ্যে দৃশ্যমান হয়ে উঠেছে। বিশেষ করে ডেঙ্গু ও অন্যান্য এডিস বাহিত রোগের বিস্তার এবং তাপপ্রবাহজনিত অসুস্থতা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় সমন্বিত ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।


সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.টি.এম. ওবায়দুল্লাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট অংশীজনরা। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক ও জেলা ব্যবস্থাপক (বিএইচপি-টিবি)।
স্বাস্থ্য অধিদপ্তর-এর জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (সিডিসি) এবং ব্র্যাকের ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।


সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে স্বাস্থ্যখাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

  • নিউজ ভিউ 396