
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি: পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর শিক্ষার্থী মো. আবু নাঈমকে উদ্ধারে সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে ৫ জন উদ্ধারকর্মীকে সম্মাননা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার সকাল ১১টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি পদ্মা সেতু-এর ৪ নম্বর পিলারের নিকটে নাঈম নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সিগঞ্জ ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় নৌবাহিনীর ডুবুরি দলসহ বিভিন্ন সংস্থার সদস্যরা তল্লাশি কার্যক্রমে অংশ নেন। টানা দুই দিন অনুসন্ধানের পর ২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ২৫ মিনিটে পদ্মা নদীর প্রায় ৪০ ফুট গভীর তলদেশ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করে। সফল এই উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদের মধ্য থেকে ৫ জনকে বাছাই করে সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেককে মহাপরিচালকের প্রশংসা ‘ইনসিগনিয়া’, আর্থিক সম্মানী ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সূচনা বক্তব্য দেন। বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। পুরস্কারপ্রাপ্তদের পক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উদ্ধারকারী দলের কমান্ডার ও মুন্সিগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সম্মাননাপ্রাপ্তদের ধন্যবাদ জানান এবং দেশব্যাপী বিভিন্ন উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেওয়া সদস্যদের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন। অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।