
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে মাহফুজ আলম (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটাভোগ ইউনিয়ন পরিষদের পাশের চৌকদার বাড়ি এলাকার জশুগাঁও পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মাহফুজ। এ সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শ্রীনগর স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাহফুজ আলমের পিতা জাহাঙ্গীর ও মাতা নিলুফা। তাদের স্থায়ী বাড়ি শ্যাম সিদ্ধি এলাকায় হলেও বর্তমানে তারা জশুগাঁওয়ের চৌকদার বাড়িতে ফালুখানের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা রোধে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে এবং শিশুদের নজরদারির বাইরে না রাখার আহ্বান জানান।