
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার আয়োজনে প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আজ ২২ মার্চ ২০২৬, রবিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
জেলার সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর পক্ষে সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখায় জাতিসংঘের সাবেক আইসিটি কর্মকর্তা নজরুল ইসলামসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছোটকু আহমেদ, বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ সংগীত পরিচালক ও শিল্পী জাহিদ নিরব, পরিবেশ গবেষক ও পরিবেশবিদ কাজী হাসান এবং শিক্ষা ও সমাজকল্যাণে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম-কে গুণীজন সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান,
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ এবং শিক্ষা ও সমাজকল্যাণে অবদান রাখায় ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি সাইয়্যেদুল বাশারকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে গত পাঁচ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা দৈনিক মুন্সিগঞ্জের বার্তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সবার মাঝে উৎসবমুখর আবহ সৃষ্টি করে।